ছবি



কবিতাঃ মুক্তি দাও শহর 

হে শহর - মুক্তি দাও আমায়..।
আমি পালাতে চাই তোমার শিকল ছিড়ে
তোমার বিষাক্ত নিয়ন আলোয়
আমার চোখ ঝলসে গিয়েছে
তোমার ক্লান্ত সময় আমাকে গিলে খাচ্ছে
ক্ষুধার্ত  চোরাবালির মত।
তোমার যান্ত্রিক কলেবর আমাকে
গ্রাস করে চলেছে আদিম উদ্যমে।
আমি বাচতে চাই তোমার বাস্তবতার ছোবল থেকে। 

হে শহর - আমি মুক্তি চাই
আমি হারিয়ে যেতে চাই অরণ্যের গহিনে
বাচতে চাই সময়ের ব্যবচ্ছেদ  থেকে
মিশে যেতে চাই দিগন্তের বুকে
যেখানে  চিরায়ত সবুজেরা কথা বলে প্রান খুলে।
যেখানে অবাধ্য ঘাস ফরিংগুলো মনের সুখে
ঘুরে বেড়ায় পাতা থেকে পাতায়
চঞ্চল বৃষ্টি ধুয়ে দিয়ে যায়
বুক ফেটে বেড়িয়ে আসা কান্নার দাগ -
যৌবনা  চাঁদ যেখানে উন্মুক্ত
স্বাধীনতা যেখানে শিকড় ফেলেছে
বাধাহীন দূরন্তপনায়।
সকালের আলো যেখানে মায়ের আচলের মত নরম
বাতাসে যেখানে লেগে থাকে নাম না জানা
কোন এক গ্রামের মমতাময়ী  স্নিগ্ধ সুবাস।
নদী গুলো যেখানে পেতে রেখেছে
শান্তির সুনিবিড় শীতল পাটি
আমি যেতে চাই সেখানে
আমাকে মুক্তি দাও শহর। 



© রু দ্র


Post a Comment

Previous Post Next Post