আমরা দেখিনি আকাশ
কখনো দেখিনি নীল জোছনার রাত
কখনো দেখিনি গাঢ় সবুজের অপার মায়া
কাজল কালো জলে দেখি নি
নিজের হতভাগ্য অবয়ব।
আমরা ছুইনি মেঘদের ঘর বাড়ি
শুনিনি শ্রাবনের প্রথম বৃষ্টির গান
বুক ভরে ঘ্রাণ নিই নি
সোদা মাটির নেশা ধরানো গন্ধের ।
আমরা কখনো স্বপ্ন দেখিনা
স্বপ্ন আমাদের জন্য নয়
কখনো আমরা কল্পনার জগতে ভেসে বেড়াই না
কারন সারাদিনের ক্লান্ত এই চোখ
ক্ষুধা আর দারিদ্রতায় নিতান্তই অভ্যস্ত হয়ে উঠেছে
কল্পনার ধকল আর সয় না তাতে ।
আমরা কখনো খোলা প্রান্তে এসে দাড়াইনি
কখনো দু'হাত দুদিকে দিয়ে অতি উল্লাসে বলিনি
"আহ..! জীবন সুন্দর"
বরং দু'হাত পেতেছি ভিক্ষা নেবার নিমিত্তে
কিংবা আশু সংকট উপলব্ধি করে
মুষ্টিবদ্ধ করেছি করযূগল ঈশ্বরের কাছে
ঈশ্বর ফিরেও তাকায় নি।
© রু দ্র
শাহজাদপুর
১৬/০৮/২০১৭

Post a Comment