অনুগল্পঃ অপেক্ষা 

সানজিদা আক্তার নিশি 



অনুগল্পঃ অপেক্ষা (সানজিদা আক্তার নিশি)
অনুগল্পঃ অপেক্ষা (সানজিদা আক্তার নিশি)



🍁🍁
" বাইরে আজ মিনিট ত্রিশ-এক দাঁড়িয়ে রইলাম তোমার জন্য। নিজের স্বামীকে কিভাবে দাঁড় করিয়ে রাখলে এতক্ষণ! 
অপেক্ষা কত কষ্টের কোন আন্দাজ আছে? "

অগ্নিশর্মার দিকে তাকিয়েই হাসলেম আমি। 

কিছুক্ষণ চুপ করে বল্লেম,
" অপেক্ষা? 
তবে শোনো.... মাটির পুতুলের খুব নেশা ছিলো ছেলেবেলায়। 
 কত্ত রঙের বউ ছিলো আমার। 
সই আর আমি মিলে পুতুল বিয়ে দিতাম  আর গ্রামভরে হইহই করতাম। 
সেবার গরমের ছুটিতে সমুদ্র দেখতে গেলো সই। 
ফিরে এসে পুকুর পারে বসে তেতুল খেতেখেতে  ঢেউয়ের গল্প শুনাবে বলেছিল।  
আমি আপেক্ষা করেছি......সই ফিরে আসেনি।


 বড় শখ ছিল নিজের পায়ে দাড়িয়ে তারপর বিয়ে করব।
ভালো পাত্রের প্রস্তাব পেয়ে আমার মত নেবার প্রয়োজনবোধ করেনি কেউ! 
কবুল বলার আগ মুহূর্ত পর্যন্ত আমি অপেক্ষা করেছি.....


 বাসররাতে মদের আড্ডায় বন্ধুদের নিয়ে যখন মেতে ছিলে তুমি,
হাজারো ফুলে সাজানো নরম বাসরে তোমার জন্য অপেক্ষা করেছি..... তুমি আসোনি।

 
বিয়ের দুদিন পর নতুন ডিনার সেটের কাপটা ধোয়ার সময়  ভেঙে ফেলায় আমাকে মেরে রক্তাক্ত করে তোমার মা যখন আমায় দরজা বন্ধ করে রেখেছিলেন দুদিন, 
আমি অপেক্ষা করেছি.....দড়জা খুলে আমায় মুক্ত করতে কেউ আসেনি। 


অনু পেটে থাকা অবস্থায় রাতের বেলায় ঘুম থেকে  জেগে যখন কলিগের সাথে  তোমায় চুটিয়ে প্রেমালাপ করতে দেখছি তোমার শুধরানোর  অপেক্ষা করেছি আমি.....


আমার মেয়েদের বিয়েতে কতশত আয়োজন 
"বর কেমন হল? বর পছন্দ হলো? " প্রশ্ন ছুড়ে দিয়েছিলে সবাই। 
কেউ আমায় প্রশ্ন করবে, আমি অপেক্ষা করেছি।
নাহ! কেউ প্রশ্ন করেনি......আমি তবুও অপেক্ষা করেছি.....

বিয়ের ত্রিশ বছর পরেও গভীররাতে যখন কুড়ি বছরের ঝিয়ের ঘরে তোমার হানা পড়ে 
আমি তখন ব্যার্থ এই গৃহিণী চাকরিটা থেকে মুক্তির অপেক্ষায়.....

অপেক্ষা কত কষ্টের এর আন্দাজ সত্যিই আমার নেই। তবে তুমি কি বলতে পারবে আমার অপেক্ষার ইতি টানতে আর কতদিন? "






© লেখক স্বত্বঃ সানজিদা আক্তার নিশি

📚 প্রকাশন কার্টেসিঃ রু দ্র ন     










1 Comments

Post a Comment

Previous Post Next Post